মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৭ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৩ পিএম
ছেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতার মৃত্যুর ঘটনায় প্রতিবেশীরা জড়ো হচ্ছেন আফেল উদ্দীনের বাড়িতে। প্রবা ফটো
মেহেরপুরের গাংনীতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম আফেল উদ্দীন। অভিযুক্ত সুজন আলী আফেল উদ্দিনের ছেলে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গাংনীতে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর সুজন আলী পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে আফেল উদ্দীনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আফেল উদ্দীনের স্ত্রী তহমিনা খাতুন বলেন, ‘ছেলে সুজন আলী ও তার বাবা আফেল উদ্দীন দুজনে বাড়িতে থাকাবস্থায় তিনি বাড়ির পাশের একটি দোকানে ডিম কিনতে যাই। সেখান থেকে বাড়ি ফিরে স্বামীর রক্তাক্ত দেহের পাশে ধারালো অস্ত্র পড়ে থাকতে দেখি। এ সময় ছেলে সুজন আলীকে বাড়িতে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. মহিবুল ইসলাম বলেন, এর আগেও সুজন আলী তার বাবাকে মারধর করেছে বলে প্রতিবেশীরা জানিয়েছে। সে মানসিকভাবে অসুস্থ হওয়ায় বেশ কিছু দিন রাজশাহী, পাবনাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।