প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫০ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩২ পিএম
দিনাজপুরে শনিবার এক স্কুলের অ্যাকাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সংগৃহীত ফটো
বিএনপি নিজেদের সঙ্গে দেশের জনগণকে মারতে চায় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, পদযাত্রার নামে তারা (বিএনপি) সারা দেশে বিশৃঙ্খলা, অরাজকতা তৈরি করে সরকারকে নামাতে চায়। আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপির এটা পদযাত্রা না, মরণ যাত্রা। তারা নিজেরা মরতে চায়, বাংলার মানুষকেও মারতে চায়।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনাজপুরের বোচাগঞ্জ মুড়িয়ালা পুলহাট উচ্চ বিদ্যালয়ের ৪তলা অ্যাকাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে মির্জা ফখরুলরা ঝোপ বুঝে কোপ মারতে চাচ্ছে। তারা দেশের কর্মকাণ্ড থামিয়ে দিতে রাস্তা অবরোধ, পদযাত্রার মতো কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।’
তিনি বলেন, ‘২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানো হয়েছিল। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেসব বিষয় মির্জা ফখরুলরা এখন ভুলে গেছে।’
বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ বলেন, ‘এই সোনার বাংলা ধরে রাখতে হবে। এই পুলহাট মুড়িয়ালা উচ্চ বিদ্যালয়ের যে অ্যাকাডেমিক ভবন আজ উদ্বোধন করেছি, এই ভবন থেকে আগামী দিনে সোনার মানুষ তৈরি হবে। তবেই আমরা সোনার বাংলাকে ধরে রাখতে পারব।’
উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী এস.এম শাহীনুর ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তৈয়মুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসান হাবিবসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী পরে দিনাজপুরের বোচাগঞ্জস্থ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে সেতাবগঞ্জ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সাধারণ সভায় যোগ দেন।