শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২২ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৭ পিএম
শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে ৯ আসামিকে।
যাবজ্জীবন সাজা পাওয়া দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) ইমাম হোসেন ঠাণ্ডু প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডিতরা হলেন-উপজেলার তোয়ালকুচি গ্রামের বাবুল মিয়া ও মনু চোরা।
আইনজীবী ইমাম হোসেন ঠান্ডু জানান, নালিতাবাড়ীর তোয়ালকুচি এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের মাধ্যমে ৪০ দিনের কর্মসূচির আওতায় একটি রাস্তা সংস্কারের কাজ করছিলেন শ্রমিক সর্দার জুলহাস উদ্দিন। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সকালে তাকে কাজে বাধা দেন আসামিরা। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জুলহাসকে হত্যা করেন।
ওই দিন রাতে জুলহাসের ছেলে মো. মনিরুজ্জামান বাদী হয়ে বাবুল ও মনুসহ ১৯ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সৈয়দ মঈনুল হোসেন।
পরে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় বাদী, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।