গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১২ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪২ এএম
যুবকের মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারি। প্রবা ফটো
গোপালগঞ্জে মেহেদী হাসান সাগর নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের হাফিজের দোকানের সামনের সড়কের ওপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আসাদুজ্জামান টিটো বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মেহেদী হাসান সাগর সদর উপজেলার করপাড়া গ্রামের মৃত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহাদত হোসেন মোল্যার ছেলে। তিনি ঢাকায় ফলের ব্যবসা করতেন। দুই মাস আগে বাড়ি আসেন। তার দুই মেয়ে রয়েছে।
নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার রাতে সাগর বাড়ি আসেন। এ সময় তার মোবাইলে কল এলে তিনি মোবাইল চার্জে দিয়ে বের হয়ে যান। রাত ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
তিনি বলেন, ‘সকালে পুলিশ আর এলাকাবাসীর উপস্থিতি দেখে বাড়ির বাইরে রাস্তায় বের হই। পরে সেখানে গিয়ে দেখি আমার স্বামীর মরদেহ পড়ে আছে। কী কারণে বা কে হত্যা করছে তা জানি না।’
বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আসাদুজ্জামান টিটো জানান, বুধবার ভোরে সড়কের ওপর সাগরের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। ৯৯৯-এ ফোনকলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তা পরিবার জানাতে পারেনি। আমরা কারণ উদঘাটনের জন্য তদন্তে নেমেছি।