শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১৩ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৫ এএম
শ্রীপুরে টিউলিপ বাগানে মালদ্বীপের হাইকমিশনার। প্রবা ফটো
গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামে দেলোয়ার-সেলিনা দম্পতির টিউলিপ বাগান পরিদর্শন করেছেন মালদ্বীপের হাইকমিশনার সিরুজিম্যাথ সামির। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টায় তিনি টিউলিপ বাগানে এসে পৌঁছান।
মৌমিতা ফ্লাওয়ার্সের মালিক ও টিউলিপ বাগানের উদ্যোক্তা দেলোয়ার হোসেন জানান, হাইকমিশনার তাদের সঙ্গে টিউলিপ বাগান ঘুরে দেখেন। এ সময় তিনি বাগানে টিউলিপ ফুলের সঙ্গে তার নিজের বেশকিছু স্থিরচিত্র ধারণ করেন।
দেলোয়ার হোসেন মালদ্বীপের হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
হাইকমিশনার সিরুজিম্যাথ সামির জানান, বাংলাদেশে টিউলিপ ফুটতে দেখে তিনি বেশ খুশি হয়েছেন। টিউলিপ বাগানটি তার কাছে খুব সুন্দর লেগেছে। তিনি বাংলাদেশে টিউলিপ বাগানের সফলতা কামনা করেন।
টিউলিপ ফুল বাংলাদেশের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে বলেও তিনি মন্তব্য করেন।
হাইকমিশনার উদ্যোক্তা দেলোয়ার হোসেনের কাছে টিউলিপ ফুলের বাল্ব রোপণের সময়সীমা, ফুল ফোটার সময়, ব্যাপ্তি, আবাদের বিষয়ে তথ্য সংগ্রহ, প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা কত ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন।
আগামী বছর ফুল ফোটার শুরুর দিকে তিনি বাগান দেখতে আসবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় হাইকমিশনারের সঙ্গে হাইকমিশনের থার্ড সেক্রেটারি ফাথিম্যাথ মোহামেদ দিদিসহ কমিশনের প্রশাসনিক প্রটোকল অফিসার আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।