চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৮ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৫ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের লালানগর থেকে রবিন চৌধুরী নামের ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়।
রবিন চৌধুরী উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
গত শনিবার রাত ১০টার পর নিজের পরিত্যক্ত একটি ঘরে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ধর্ষণের অভিযোগে করা মামলায় রবিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ডে ভাড়া বাসায় থেকে স্বামী-স্ত্রী স্থানীয় একটি সুতা তৈরির কারখানায় চাকরি করেন।
ওই নারীর ভাই জানান, শনিবার রাতে অফিস শেষে রিকশায় বাড়ি ফিরছিলেন তার বোন ও ভগ্নিপতি। পথে ইউপি সদস্য রবিন চৌধুরীসহ চার থেকে পাঁচজন তাদের গতিরোধ করে। এরপর সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। এ সময় রবিন চৌধুরী মাতাল অবস্থায় ছিলেন।
পরিত্যক্ত ঘরটিতে নিয়ে যাওয়ার পর রবিন চৌধুরী ও তার সহযোগীরা ওই দম্পতিকে মারধর শুরু করেন। একপর্যায়ে তারা ওই নারীর সোনার চেইন ও দুল নিয়ে যায়। স্বামীকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করেন ইউপি সদস্য রবিন চৌধুরী।
ঘটনার পর মোবাইল হাতে পেয়ে ৯৯৯-এ ফোন করেন ওই নারীর স্বামী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার এসআই হারুনুর রশিদ।