কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪০ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০০ পিএম
প্রবীণ বাউল ফকির নহির শাহের সঙ্গে লালনের দর্শন নিয়ে আলোচনা করছেন তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। ৫ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরের হেম আশ্রম। ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান কুষ্টিয়ার দৌলতপুরের হেম আশ্রম পরিদর্শন করেছেন। রবিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী প্রাগপুর গ্রামের হেম আশ্রমে অবস্থান করেন তিনি।
বাংলাদেশে বসবাসরত ফরাসি নাগরিক ও লালন সাধক দেবোরাহ জান্নাতের আমন্ত্রণে মোস্তফা ওসমান তুরান হেম আশ্রম পরিদর্শন করেছেন। প্রবীণ বাউল ফকির নহির শাহ এই আশ্রমের প্রতিষ্ঠাতা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল জব্বার প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল জব্বার বলেন, ‘রবিবার (০৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ব্যক্তিগত সফরে হেলিকপ্টার-যোগে হেমা আশ্রমে পৌঁছান তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। গার্ড অব অনার দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। পরে হেম আশ্রম আঙিনায় একটি আমগাছের চারা রোপণ করেন তিনি।
‘এরপর লালন দর্শন সম্পর্কে জানতে প্রবীণ বাউল ফকির নহির শাহের সঙ্গে কথা বলেন তুরস্কের রাষ্ট্রদূত। তারা তুরস্কের সুফি মতবাদ ও লালন দর্শন নিয়েও আলোচনা করেন। পরে লালন শাহের কয়েকটি আধ্যাত্মিক গান শোনেন মোস্তফা ওসমান তুরান।’
হেম আশ্রমে এ সময় উপস্থিত ছিলেন দেবোরাহ জান্নাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান প্রমুখ। ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।