মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৫ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৫ পিএম
অলঙ্করণ প্রবা
বেড়ানোর কথা বলে ঢাকার গাবতলী থেকে শিশু পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণ করা শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মারফত আলী একই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপহরণ করা চার বছর বয়সি মো. আসিফের বাবা আক্কাস আলী ঢাকার গাবতলী বেড়িবাঁধ কলোনিতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। পেশাগত কারণে তার সঙ্গে মারফত আলীর পরিচয় হয়। তিন মাস ধরে আক্বাসের ভাড়া বাসাতে থাকতেন তিনি। গত ২৭ জানুয়ারি আক্বাসের সঙ্গে ঝগড়া করে স্ত্রী খাদেজা বেগম বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আক্কাস বাড়ি ফিরে কাউকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন।
ওসি আব্দুর রউফ জানান, ৩০ জানুয়ারি খাদেজা তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে স্বামীকে জানান, বেড়ানোর কথা বলে মারফত আলী তাদের মানিকগঞ্জ নিয়ে যান। সেখানে গিয়ে আসিফকে নিয়ে পালিয়ে যান মারফত আলী। এ ঘটনায় শুক্রবার সকালে আক্কাস আলী থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মারফত আলীকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মারফত আলীর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।