রাজশাহী প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪২ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৩ পিএম
চুরির অভিযোগে ২ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিরা। প্রবা ফটো
রাজশাহীতে চুরির অভিযোগে দুই নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতান্নপুর গ্রামের রাকিবুল ইসলাম ও নওগাঁর মান্দা উপজেলার সগুনা গ্রামের রেজাউল করিম।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর সপুরায় অবস্থিত মডার্ন ফুডের মালিকের বাড়িতে চুরির অভিযোগ তুলে দুই শ্রমিককে বেঁধে পেটানো হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও এডিসি রফিকুল আলম বলেন, ‘দুই শ্রমিক নগরীর সপুরায় অবস্থিত মডার্ন ফুডের মালিকের বাড়িতে কাজে যান। এ সময় ওই বাড়ি থেকে ১০ লাখ টাকা চুরির অভিযোগে দুপুরে তাদের বেঁধে রাখা হয়। দুপুর থেকে রাত পর্যন্ত কয়েক দফা নির্যাতন চালিয়ে তাদের কাছ থেকে টাকা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। রাত ৯টার দিকে পুলিশ খবর পেয়ে ওই বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান।’
তিনি আরও বলেন, ‘নিহত রেজাউলের স্ত্রী সোমা খাতুন বোয়ালিয়া থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনের নামে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে নির্যাতনের ভিডিও।’
এই কর্মকর্তা জানান, শ্রমিক নির্যাতন করে হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মডার্ন ফুডের মালিকের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর শ্বশুর মাসুম রেজা, শ্যালক মহিউদ্দিন রিয়াল ও ম্যানেজার এমরান হোসেনকে।