× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চসিক প্যানেল মেয়রের বিরুদ্ধে ব্যান্ডরোল জালিয়াতির অভিযোগ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৮ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৪ পিএম

 জব্দ করা সিগারেট। প্রবা ফটো

জব্দ করা সিগারেট। প্রবা ফটো

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক বলেন, রানীরহাটের তাহারিয়া স্টোরে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ সিগারেট মজুত করা আছে এমন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকালে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় ‘তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো’ ও ‘বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো’সহ একাধিক কোম্পানির এক লাখ ১৫ হাজার ৮৬০ শলাকা সিগারেট জব্দ করা হয়।

তিনি বলেন, ‘জব্দের পর সিগারেটগুলো যাচাই-বাছাই করতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের পাঠানো হয়েছে। ব্র্যান্ডরোল জালিয়াতিসহ কী পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে তা কাস্টমস কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।’

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা নারায়ন সুর

বলেন, ‘জব্দ করা এসব সিগারেট ভ্যাট কমিশনার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এখন সিগারেটগুলো ব্র্যান্ড অনুযায়ী পৃথক করে ব্র্যান্ডরোল জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখছি। আইন অনুযায়ী জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জব্দ সিগারেটের মধ্যে তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো, বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকোসহ সানমার, পিকক ও নেক্সাস ব্র্যান্ডের সিগারেট রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো ও বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকোর মালিক চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন। তার মালিকানাধীন প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আগেও ব্র্যান্ডরোল জালিয়াতির অভিযোগ উঠেছিল বলে জানায় কাস্টমস অফিস।

এ বিষয়ে প্যানেল মেয়র প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘র‌্যাব-৭ বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছিল এটা ঠিক। জব্দের পর তারা যাচাই-বাছাই করে আমাদের সিগারেটগুলোর ব্র্যান্ডরোল ঠিক থাকায় সেগুলো জব্দ তালিকা থেকে বাদ দিয়েছে।’

যদিও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় থেকে জানানো হয়েছে, জব্দ তালিকায় থাকা সিগারেটগুলো তারা এখনও যাচাই-বাছাই শেষ করতে পারেনি।

গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে রানীরহাটের তাহারিয়া স্টোরে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। তবে অভিযানের দুই দিন পর বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা