ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০০ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৬ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুন নিছা। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনকে অসুষ্ঠু এবং অসুস্থ দাবি করে নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুরন নিছা।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আশুগঞ্জ শ্রম কল্যাণ ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে এ দাবি জানান। ভোটকেন্দ্রে ‘অনিয়ম দেখে’ ভোট না দিয়েই কেন্দ্র ছেড়ে যান তিনি।
মেহেরুন নিছার অভিযোগ, ‘আমি এই কেন্দ্রে এসে দেখলাম, ভোটারের ফিঙ্গার রেখে অন্যরা ভোট দিচ্ছে। যতটুকু খবর পেয়েছি, সব কেন্দ্রেই এমন হচ্ছে এবং আমার কর্মীদেরকে বের করে দিচ্ছে। এজেন্টদেরকেও ঢুকতে দিচ্ছে না। আমি ডিসিকে (রিটার্নিং কর্মকর্তা) বিষয়টি জানিয়েছি।’
তিনি বলেন, ‘আমি মনে করি এটা অসুস্থ নির্বাচন। যেহেতু নির্বাচনটা সুষ্ঠু না, সেহেতু আমাদের রেজাল্টটা কী আসবে আপনারা বুঝতে পারছেন। যদি সুষ্ঠু ভোট হতো, তাহলে আসিফ বিপুল ভোটে বিজয়ী হতো। উনি প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমাদের কর্মীরা এখনও মাঠের বাইরে। এ অবস্থায় আমি আর কী বলতে পারি। এটা কী নির্বাচন? ভোটের এই পরিবেশ দেখে আমি ভোট দেইনি।’
আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। উপনির্বাচনে বিএনপির দলছুট নেতা ও পাঁচবারের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী তিনি। এ আসনে বুধবার সকাল সাড়ে ৮টা এই আসনের ১৩২ কেন্দ্রে ইভিএমের মাধ্যমে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন। মোট ১৩২টি কেন্দ্রর ৮২৬টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে। সব কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে ইভিএম পদ্ধতিতে।