লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৮:৩০ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৮:৪৬ পিএম
লক্ষ্মীপুরে কৃষক নুরুজ্জামানের জলাশয়ে মরে ভেসে ওঠা মাছ। প্রবা ফটো
লক্ষ্মীপুরে জলাশয়ে দুর্বৃত্তরা বিষ দিয়ে আনুমানিক তিন লাখ টাকার মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ ওঠেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার টুমচর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার সকালে মাছগুলো মরে ভেসে উঠে। প্রতিহিংসাবশত এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী মো. নুরুজ্জামান।
পেশায় কৃষক নুরুজ্জামান দক্ষিণ কালিরচর গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে।
নুরুজ্জামান বলেন, ‘কয়েক বছর ধরে বাড়ির পাশে তিনটি জলাশয়ে তিনি মাছ চাষ করে আসছেন। এক মাস আগে দুটি জলাশয়ের মাছ একটিতে এনে চাষ শুরু করেন। শুক্রবার বিকালে সব মাছ স্বাভাবিক ছিল। শনিবার সকালে জলাশয়ের পাশে গিয়ে দেখি মাছগুলো মরে ভেসে উঠছে। এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।’
তিনি বলেন, ‘জলাশয়ে রুই, কাতল, মিরর কার্প ও তেলাপিয়া মাছ চাষ করেছি। দেড়-দুই মাস পর মাছগুলো বাজারজাত করতে পারতাম। কিন্তু দুর্বৃত্তরা প্রতিহিংসা করে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে। আমি এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’