লোহাগাড়া সংবাদদাতা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ১৭:১২ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ১৭:১৭ পিএম
আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। প্রবা ফটো
চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি বন্যপ্রাণী পাচারের সময় ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অভিযান চালানো হয়।
এ সময় দুটি লজ্জাবতী বানর ও একটি পেঁচা উদ্ধার এবং ৪ পাচারকারীকে আটক করে পুলিশ। পাশাপাশি পাচারকালে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকরা হলেন- বান্দরবান জেলার আলীকদম থানার দানু সরদার পাড়ার ৪নং ওয়ার্ডের মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ মোবারক হোসেন, দক্ষিণ পূর্ব পালং পাড়ার ৩নং ওয়ার্ডের মৃত আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, উত্তর পালং পাড়ার ৪নং ওয়ার্ডের মোহাম্মদ সৈয়দ আলমের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন এবং খুলনা জেলার সোনাডাঙ্গা থানার ১৬নং ওয়ার্ডের হাফেজ সাহেবের বাড়ির মৃত দিলু সিকদারের ছেলে মোহাম্মদ আজহার সিকদার।
অভিযানটি পরিচালনা করেন ওসি আতিকুর রহমান, এসআই রুহুল আমিন খান, এসআই শরিফুল ইসলাম, এএসআই আলমগীর হোসেন এবং সঙ্গীয় ফোর্স।
উদ্ধার বন্যপ্রাণীগুলো নিরাপদ আশ্রয়স্থলে পাঠানোর জন্য চুনতি রেঞ্জ বন কর্মকর্তা মাহমুদ হোসাইনের কাছে হস্তান্তর করা হয়।
লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান তাৎক্ষণিক মোবাইল কোর্ট বসিয়ে আটক প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।
লোহাগাড়ার থানার ওসি আতিকুর রহমান জানান, সকালে আটক আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।