ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৫:৫৭ পিএম
ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তক্ষক পাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে। প্রবা ফটো
ফরিদপুরে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ পাচার চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার ২৩ জানুয়ারি রাত ১১টার দিকে জেলা শহরের মধ্য আলীপুরের একটি বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে তক্ষকটি জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মীরাকান্দা গঙ্গাদরদী এলাকার আ. রশিদ মাতুব্বরের ছেলে আল মামুন মাতুব্বর (৪০), একই উপজেলার ধর্মদী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মতিয়ার রহমান (৪৫), ফরিদপুর জেলা শহরের মধ্যআলীপুর এলাকার আব্দুর রব শরীফের স্ত্রী তাজিয়া আক্তার (৪২) ও কুষ্টিয়া জেলার পূর্ব আবদালপুর এলাকার আজিজুল হকের ছেলে নাসির উদ্দিন (৪০)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কয়েকজন প্রতারক জেলা শহরের মধ্যআলীপুরের একটি বসতবাড়িতে তক্ষক কেনাবেচা করছেন। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে তক্ষক পাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে।
একই সময় ওই বাড়ি থেকে ১৫ ইঞ্চি লম্বা একটি তক্ষক জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মামুনুর রশিদ।