× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা দেশে বিএনপির বিক্ষোভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩ ১৫:২৯ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩ ১৬:৩৮ পিএম

ফেনীতে বিএনপির সমাবেশে পুলিশের বাধা। ছবি : প্রবা

ফেনীতে বিএনপির সমাবেশে পুলিশের বাধা। ছবি : প্রবা

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। 

সোমবার (১৬ জানুয়ারি) মহানগর ও উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ সমাবেশ করছেন। 

এর আগে গত ১১ জানুয়ারি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি থেকে সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

একই কর্মসূচি পৃথকভাবে পালনের ঘোষণা দিয়েছে সাত দলের গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্য, এলডিপি এবং ১৫টি সংগঠনের সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। এ ছাড়া মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম বিএনপির বিক্ষোভ-সমাবেশের প্রতি সংহতি জানিয়েছে।

গাজীপুর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন।

সমাবেশে নেতারা বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সরকার জনগণের কথা চিন্তা করে না। বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করছে এবং আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

মধ্যাঞ্চল : একই দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা বিএনপির উদ্যোগে সকাল ১০টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুই গ্রুপ পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে।

সমাবেশে বিএনপি নেতা শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের এক দফা এক দাবি- এই ফ্যাসিবাদি সরকারের পতন চাই। অনতিবিলম্বে বিএনপির সব নেতাকর্মীকে মুক্তি ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে।’

বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সাতক্ষীরা : ১০ দফা দাবিতে সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপিকে ভয় পায়। তাই তারা বিএনপিকে আন্দোলন সংগ্রামে রাস্তায় নামতে দিচ্ছে না। তারা জানে, বিএনপিসহ সাধারণ জনগণ আন্দোলন সংগ্রাম করলে এই অবৈধ সরকার আদৌ ক্ষমতায় থাকতে পারবে না। তাই তারা প্রশাসনকে ব্যবহার করে আন্দোলন স্তব্ধ করে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল ১০টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের পূর্বাচল এলাকায় এ বিক্ষোভ মিছিলের সভা করে।

এ সময় রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব‌ বাছির উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা হাজী সেলিম, আজিজ মাস্টারসহ অনেকে।

বরিশাল : বেলা ১১ টায় নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। যা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

সভায় মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং বিদ্যুতের মূল্য কমানোসহ ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বরিশাল মহানগর বিএনপি আন্দোলন-সংগ্রামের মাঠে থাকবে। সেই সঙ্গে এই অবৈধ নিশিরাতের সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন করেই রাজপথ ত্যাগ করব আমরা।

ফেনী : ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপি। বেলা ১১টায় দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর থেকে মিছিলটি বাজারের দিকে রওনা দিলে পৌর শহরের অভিমুখে সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের সামনে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। 

পুলিশের বাধায় পড়ে কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন।

দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, বিএনপির মিছিলকে কেন্দ্র করে সরকারি দলের নেতাকর্মীরা বাজার ও কলেজের সামনে অবস্থান নেন।  দুপক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে পুলিশ বিএনপির মিছিলটি কলেজের সামনে থেকে ঘুরিয়ে দেয়।

নাটোর : বেলা ১১টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের করে সদর উপজেলা বিএনপি। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে সমাবেশ করে। 

১০ দফা হলো- ১. বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করতে হবে।

২. ১৯৯৬ সালে সংবিধানে সংযোজিত ধারা ৫৮-খ, গ ও ঘ অনুচ্ছেদের আলোকে একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার/অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন।

৩. নির্বাচনকালীন দল-নিরপেক্ষ সরকার/অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, ওই নির্বাচন কমিশন অবাধ নির্বাচনের অনিবার্য পূর্বশর্ত হিসেবে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে আরপিও সংশোধন, ইভিএম পদ্ধতি বাতিল ও পেপার ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা।

৪. খালেদা জিয়াসহ সব বিরোধীদলীয় নেতাকর্মী, সাংবাদিক এবং আলেমদের সাজা বাতিল, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক কারাবন্দিদের অনতিবিলম্বে মুক্তি, দেশে সভা, সমাবেশ ও মতপ্রকাশে কোনো বাধা সৃষ্টি না করা, সব দলকে স্বাধীনভাবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রশাসন ও সরকারি দলের কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করা, বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার লক্ষ্যে নতুন কোনো মামলা ও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার না করা।

৫. ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪সহ মৌলিক মানবাধিকার হরণকারী সব কালাকানুন বাতিল করা।

৬. বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও পানিসহ জনসেবা খাতের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্ত বাতিল।

৭. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারকে সিন্ডিকেটমুক্ত করা।

৮. বিদেশে অর্থ পাচার, ব্যাংকিং ও আর্থিক খাত, বিদ্যুৎ-জ্বালানি খাত ও শেয়ারবাজারসহ রাষ্ট্রীয় সব ক্ষেত্রে সংঘটিত দুর্নীতি চিহ্নিত করতে একটি কমিশন গঠন/দুর্নীতি চিহ্নিত করে দ্রুত যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।

৯. গুমের শিকার সব নাগরিককে উদ্ধার এবং বিচারবহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচারের ব্যবস্থা করে যথাযথ শাস্তি নিশ্চিত, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয় ভাঙচুর এবং সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা।

১০. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগকে সরকারি হস্তক্ষেপ পরিহার করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা