কক্সবাজার অফিস
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ২৩:৪৫ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ০০:৩৮ এএম
কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। প্রবা ফটো
টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে পর্যটকবাহী চারটি জাহাজ যাত্রা করবে। এরপর থেকে এ রুটের অন্য জাহাজগুলো চলবে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।
সভায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান জানান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে গত বুধবার অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটনবাহী জাহাজ চলাচলের বিষয়ে কক্সবাজারে আবার সভা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়।
এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জাহাজ চলাচলের অনুমতি প্রদানের পক্ষে সিদ্ধান্ত হয়।
সভায় উপজেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, জনপ্রতিনিধি, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিতি ছিলেন।
নাফ নদীর নাব্যতা-সংকট ও নদীতে একাধিক চর জেগে ওঠার কথা উল্লেখ করে গত বছরের ২৯ সেপ্টেম্বর টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।