বগুড়া অফিস
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৮:২৫ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৮:৩০ পিএম
ফাইল ফটো
বগুড়ার শেরপুর উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজেক আলী সরকার নামে এক মৎস্যচাষীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার খোট্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খোট্টাপাড়া গ্রামের শাহজাহান আলীর মালিকানাধীন একটি পুকুর তিন বছরের জন্য লিজ নেন মৎস্যচাষী রাজেক আলী। এরপর থেকে সেখানেই মাছ চাষ করে আসছিলেন তিনি। কিন্তু লিজ নেওয়ার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার রাত থেকে বিদ্যুৎচালিত মোটরের মাধ্যমে পুকুর সেচ দিয়ে মাছ ধরা শুরু করেন তিনি। একপর্যায়ে সকালে অসাবধানতাবশত মোটরে দেওয়া বিদ্যুতের সংযোগ তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসআই শফিকুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।