ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৫:০৩ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৫:০৪ পিএম
প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত শেখ ফারুক। প্রবা ফটো
তিন লাখ টাকার চেক প্রতারণার মামলায় পাঁচ মাসের সাজা পেয়েছিলেন শেখ ফারুক। সাজা এড়াতে চার বছর দুবাইয়ে পালিয়ে ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে সোনাগাজী পৌরসভার চর গণেশ এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন।
তিনি বলেন, ‘আদালতের মাধ্যমে ফারুককে ফেনী কারাগারে পাঠানো হয়েছে। ২০১৮ সালে চেক প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা হয়। মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। পরে তিনি জামিনে বের হয়ে দুবাই পালিয়ে যান।
ওসি জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত ফারুককে পাঁচ মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দেয়। তার বিরুদ্ধে চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন। গত ১০ থেকে ১৫ দিন আগে তিনি বিদেশ থেকে দেশে আসেন।
তিনি বলেন, ‘ফারুককে ধরতে পুলিশ ছদ্মবেশে তার গ্রামের বাড়ি ও সম্ভাব্য স্থানে গিয়ে খোঁজখবর নেয়।পরে পৌরসভার চর গণেশ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’