বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
আপডেট : ৪ ঘণ্টা আগে
ভারতে ২ বছর কারাভোগের পর ৫০ বাংলাদেশি নারী-পুরুষ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। প্রবা ফটো
ভারতে ২ বছর কারাভোগের পর ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
ভারতীয় পুলিশ তাদের রবিবার (৫ জুলাই) রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের
কাছে হস্তান্তর করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি সদস্যরা উপস্থিত
ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, ৩ বছর আগে বিভিন্ন
সীমান্ত দিয়ে চোরাই পথে তারা ভারতের তামিলনাড়ু রাজ্যে যায়। সেখানে তারা বিভিন্ন দোকান
ও কৃষি ক্ষেতে কাজ করার সময় সেখানকার পুলিশের হাতে আটক হয়। তারপরে তাদের জেলে পাঠালে
২ বছরের দণ্ড হয়। সাজার মেয়াদ শেষে তামিল নাড়ুও সালেম জেলায় একটি বিশেষ শিবিরে রাখা
হয় তাদের। পরে নাগরিকত্ব যাচাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের প্রত্যাবাসনের নির্দেশনা
জারি করা হয়।
ফেরত আসাদের বাড়ি সাতক্ষীরা, খুলনা, নড়াইলসহ দেশের বিভিন্ন জেলায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসাদের ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী
রয়েছেন। ইমিগ্রেশন পুলিশের সকল আনুষ্ঠানিকতা শেষে তাদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে
বেনাপোল পোর্ট থানায় তাদের সোপর্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের
আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের থানায় প্রেরণ করা হয়। পরে এনজিও সংস্থা যশোর জাস্টিস
অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের আত্মীয়স্বজনদের কাছে ফেরত দেওয়ার জন্য থানা থেকে
গ্রহণ করে তাদের রাতেই নিজস্ব সেল্টার হোমে নিয়ে গেছে। জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জন
ও রাইটস যশোর ২৫ জনকে গ্রহণ করেছেন।