সিলেট প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
প্রবাসী অধ্যুষিত সিলেটের গোলাপগঞ্জে দেশের প্রথম উপজেলা বা থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালুর উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী। প্রবা ফটো
প্রবাসী অধ্যুষিত সিলেটের গোলাপগঞ্জে দেশের প্রথম উপজেলা বা থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য পুলিশি ও আইনি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে ব্যতিক্রমী এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় গোলাপগঞ্জ মডেল থানায় এ হেল্প ডেস্ক চালু করা হয়।
রবিবার (৫ জুলাই) দুপুর ১টায় গোলাপগঞ্জ মডেল থানায় ফিতা কেটে হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গোলাপগঞ্জ থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর ফলে দেশের বাইরে অবস্থান করেও প্রবাসীরা দ্রুত আইনি সহায়তা পাবেন। সারা দেশের জন্য এটি একটি অনুসরণযোগ্য উদ্যোগ। এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক এবং অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কবির চৌধুরী শাহিন, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক ও কমিটির অন্যতম সদস্য এবং ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপু। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল ইসলাম। সংশ্লিষ্টরা জানান, নতুন এ হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি এবং দেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যরা সরাসরি ও সহজে পুলিশের সেবা গ্রহণ করতে পারবেন। এজন্য ০১৩২০১১৭৮৯৬ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগের সুযোগ থাকবে। দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে ফোনেই প্রয়োজনীয় সেবা ও পরামর্শ পাওয়া যাবে।