বোরহানউদ্দিন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
বোরহানউদ্দিনে চলাচলের রাস্তা প্রশস্ত করার দাবিতে ঝড়বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী। প্রবা ফটো
ভোলার বোরহানউদ্দিনে চলাচলের রাস্তা প্রশস্ত করার দাবিতে ঝড়বৃষ্টি উপেক্ষা করে এলাকাবাসী ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিএনপি নেতাদের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন এলাকাবাসী।
রবিবার (৫ জুলাই) দুপুরে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ডের মুসলিমপাড়ার সাধারণ মানুষ হাসপাতালের সামনের রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। একই সঙ্গে রাস্তা অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্ল্যাকার্ড বহন করেন। ফলে পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যায়।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, ১৮ মাস ধরে আমরা আমাদের এলাকার রাস্তাটির প্রবেশমুখ প্রশস্ত করার দাবি জানিয়ে আসছি। তারা বলেন, রাস্তার মুখে একটি ভবন রাস্তার প্রবেশমুখে বাধার সৃষ্টি করে। দুই ফিট ভেঙে প্রশস্ত করার জন্য এমপি হাফিজ ইব্রাহিম নির্দেশ দিলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষ ক্ষিাভে ফেটে পড়ে। ঝড়বৃষ্টি উপেক্ষা করে নারী, শিশু ও পুরুষ রাস্তায় নেমে আসে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
এদিকে এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন, থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান এবং উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মনিরুজ্জামান কবিরসহ নেতারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
এ সময় তারা আন্দোলনকারীদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের রাস্তাটি প্রশস্ত করে দেওয়ার যে দাবি তা মেনে নেয়। ফলে ঝড়বৃষ্টি অপেক্ষা করে আন্দোলনরত এলাকাবাসী তাদের আন্দোলন প্রত্যাহার করে নেন।