নিহত সিজানের মায়ের আহাজারি। প্রবা ফটো
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে সিজান (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান ওই এলাকার ইউনুছ ওরফে ইনু মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনা তদন্তাধীন।
নিহতের পরিবার বলছে, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ তুলে একদল স্থানীয় লোক তাকে বাসা থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে পরিবারের কাছে রেখে যাওয়া হয়। পরে রাত ১১টায় গুরুতর আহত অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আল ফালাহ নামে স্থানীয় একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক ও স্থানীয় মসজিদের ইমাম কাওছার আহমেদের নেতৃত্বে স্থানীয় কয়েকজন ব্যক্তি সিজানকে মারধর করে। অন্যদিকে ঘটনার পর নিহতের পরিবারের সদস্য ও বন্ধুরা লাঠিসোটা নিয়ে এলাকায় ভাঙচুর চালায় বলেও জানান স্থানীয়রা।
জানতে চাইলে কাওছার আহমেদ বলেন, সিজানের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি ও ছিনতাইয়ের অভিযোগ ছিল। শনিবার নতুন করে ছিনতাইয়ের অভিযোগ উঠলে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে।
এদিকে ঘটনার পর একটি ভিডিওতে কাওছারকে বলতে শোনা যায়, যার কাছে যা আছে তা নিয়ে নেমে যেতে হবে। ঐক্য থাকলে বাংলাদেশের প্রশাসন কী, কোনো… আমাদের কিছু করতে পারবে না। পাবলিক যদি কোনো… মেরে ফেলে তাহলে কি অন্যায় হবে? ইনশা আল্লাহ কোনো মামলা হামলা কিচ্ছু হবে না। এভাবে সবাই এক থাকবেন।
এ বিষয়ে ওসি মাহবুব আলম বলেন, কেউ অপরাধ করলে অন্য কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।