সিলেট প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
ম্যানচেস্টার থেকে যাত্রী নিয়ে আসা ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছলে যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রবা ফটো
দীর্ঘদিন পর আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুরে ম্যানচেস্টার থেকে যাত্রী নিয়ে আসা বিজি-২০৮ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে এ রুটে ফ্লাইট চলাচল আবার শুরু হলো। ফ্লাইটটিতে ২৭২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২২৭ জন সিলেটে নামেন।
ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছলে যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেটপ্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতে এ সেবা যেন আর বন্ধ না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি জানান, সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা চলছে এবং শিগগির এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি আশা করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ এগিয়ে চলেছে। এ কাজ শেষ হলে আরও বিদেশি এয়ারলাইন্স সিলেটে ফ্লাইট পরিচালনায় আগ্রহী হবে। পাশাপাশি সিলেটকে একটি গুরুত্বপূর্ণ পর্যটন হাবে পরিণত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
এ সময় সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ১ মার্চ থেকে হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে সাময়িকভাবে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল। এরপর রবিবার ম্যানচেস্টার থেকে ফ্লাইট আসার মাধ্যমে এ রুটে আবার সরাসরি ফ্লাইট চালু হলো। আপাতত সপ্তাহে দুই দিন সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালিত হবে।