চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৭ ঘণ্টা আগে
হাসপাতালের বিছানায় শিশু ইরা এবং ইরা হত্যা মামলার একমাত্র আসামি বাবু শেখ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামে ইরা মনি নামে আট বছর বয়সি শিশুকে শ্বাসনালী কেটে হত্যা মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ঠিক করেছেন আদালত। হত্যকাণ্ডের চার মাসের মাথায় আলোচিত এই হত্যা মামলার রায় হতে চলেছে।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্বাস হোসেন রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালতে অভিযোগ গঠনের পর ১০ কার্য দিবসে মামলাটি রায় ঘোষণার পর্যায়ে এসেছে। মামলার বাদি নিহত ইরা মনির মা।
গত ১ মার্চ সকালে ইরা মনিকে চকলেট কিনে দেওয়ার ও বেড়াতে যাওয়ার কথা বলে, ঘর থেকে বের করে নিয়ে আসেন বাবু শেখ। পরে বাসে করে কুমিরা থেকে সীতাকুণ্ডে যান। সেখান থেকে হেঁটে তারা বোটানিক্যাল গার্ডেন এলাকার পাহাড়ে যান।
ঘটনার দিন দুপুরে ওই পাহাড়ে সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা ‘গলা কাটা অবস্থায়’ ইরা মনিকে দেখতে পান। জঙ্গল থেকে পায়ে হেঁটে শিশুটি শ্রমিকদের কাছে পৌঁছেছিল। এরপর শ্রমিকরা শিশুটিকে নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে তাকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর ৩ মার্চ ইরা মনি মারা যায়।
আদালত সূত্র জানায়, চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস গত বৃহস্পতিবার যুক্তিতর্ক শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। মামলার একমাত্র আসামি ৪৫ বছর বয়সি বাবু শেখ ৩০ জুন আদালতে সাফাই সাক্ষী দিয়েছেন।
এর আগে মোট ৬ কার্যদিবসে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়। নিহত জান্নাতুল নেসা ওরফে ইরা মনির বাড়ি সীতাকুণ্ডের ছোট কুমিরা মাস্টার পাড়ায়। তার বাবা মনিরুল ইসলাম পেশায় একজন টমটম চালক। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল ইরা।
ইরার মৃত্যুর পর ৩ মার্চ দুপুরে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে বাবু শেখকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ। বাবু শেখের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মধ্যম পুলুপাড়ায়। তিনি সীতাকুণ্ডে নিহত ইরা মনির পরিবারের পাশের ঘরে থাকতেন।
বাবু শেখকে জিজ্ঞাসাবাদের বরাতে ঘটনার বর্ণনায় পুলিশ জানিয়েছিল, শিশুটিকে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বাবু শেখ। শিশুটি এ ঘটনা লোকজনকে বলে দেবে বলে চিৎকার করলে বাবু শেখ চাকু দিয়ে গলা কেটে ফেলে রেখে চলে আসে।
তখন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন সংবাদ সম্মেলন করে বলেছিলেন, ইরা মনির বাবা মনিরুলের সঙ্গে বিরোধের জেরে তার আট বছরের মেয়েকে হত্যার পরিকল্পনা করে বাবু শেখ। এর অংশ হিসেবে শিশুটিকে ফুসলিয়ে সীতাকুণ্ডের পাহাড়ে নিয়ে প্রথমে ‘ধর্ষণের চেষ্টা’ এবং পরে গলা কেটে হত্যার চেষ্টা চালান তিনি।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্বাস হোসেন বলেন, “গত বৃহস্পতিবার যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। ইরা মনির মায়ের করা মামলায় তদন্ত শেষে ১১ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগ গঠন করা হয় ১৮ জুন। এরপর সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২১ জুন থেকে”।