‘ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ’
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ। ছবি: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ওয়েবসাইট থেকে
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেছেন, প্রকাশিত প্রতিবেদনের বেশ কয়েকটি তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং যথাযথ তথ্য যাচাই ছাড়াই সংবাদটি প্রকাশ করা হয়েছে।
একই সঙ্গে তিনি বিষয়টি নিরপেক্ষভাবে পুনঃযাচাই করে প্রকৃত তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।
গণমাধ্যমে শনিবার পাঠানো এক প্রতিবাদলিপিতে উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ জানান, গত ৩ জুলাই ২০২৬ তারিখে একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে তাকে নিয়ে প্রকাশিত সংবাদে কয়েকটি তথ্য বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
তার দাবি, তথ্য সংগ্রহ ও উপস্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি, যার ফলে প্রকল্প বাস্তবায়নের প্রকৃত চিত্র সংবাদে প্রতিফলিত হয়নি।
তিনি বলেন, সংশ্লিষ্ট প্রকল্পের সব কার্যক্রম সরকারের নির্ধারিত নীতিমালা, বিধিবিধান ও নির্দেশনা অনুসরণ করে বাস্তবায়ন করা হয়েছে।
প্রকল্পের কার্যক্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতি ও তত্ত্বাবধানে নিয়মিত পরিচালিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, প্রকল্পের সব উপকারভোগী নির্ধারিত সময়ে প্রশিক্ষণ ভাতা, মানসম্মত প্রশিক্ষণ উপকরণ এবং আপ্যায়ন সুবিধা পেয়েছেন। তাই প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগগুলো প্রকল্প বাস্তবায়নের বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
অসীম কুমার দাশের ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় পর্যায়ের কোনো উৎস থেকে বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্য সরবরাহের কারণে সংবাদে এ ধরনের ভুল তথ্য স্থান পেয়েছে।
তিনি বিষয়টি নিরপেক্ষভাবে পুনঃযাচাই করে প্রকৃত তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান।
তার মতে, এতে জনমনে বিভ্রান্তি দূর হবে এবং প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে সঠিক তথ্য প্রতিফলিত হবে।