লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে শনিবার সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
একসময় দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জুয়াসহ সব ধরনের সামাজিক অপরাধকে ‘না’ বলবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে শনিবার বিকালে সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আলমগীর বলেন, ‘মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাভূত, যুবকরা পরাভূত হচ্ছে। এটাকে আমরা কিছুতেই অ্যালাউ করতে পারি না। অবশ্যই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একসময় দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জুয়াসহ সব ধরনের সামাজিক অপরাধকে ‘না’ বলবে এবং একটি সুন্দর, মানবিক ও আধুনিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।’ তিনি বলেন, ‘ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর উদ্যোগে লালমনিরহাটে ১৩টি সামাজিক অপরাধের বিরুদ্ধে শুরু হওয়া ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন শুধু একসময় সারা দেশে ছড়িয়ে পড়বে।’
মন্ত্রী বলেন, ‘গত ১৫ থেকে ১৬ বছর আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। অসংখ্য মামলা-মোকদ্দমা হয়েছে, অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। কিন্তু আমরা মাথা নত করিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। বর্তমান পরিস্থিতিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিস্তা ইস্যু প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ -স্লোগান নিয়ে লালমনিরহাট থেকে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তার সুফল এখন দৃশ্যমান হতে শুরু করেছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে। তবে উন্নয়নের ধারাকে টেকসই করতে হলে মাদককে চিরতরে ‘না’ বলতে হবে।’
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, ‘খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা এবং নারীর ক্ষমতায়নের মতো উদ্যোগগুলোর মাধ্যমে একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন ‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান। এ ছাড়া অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।