আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান পরিচালনার সময় তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। তারা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত এসআই সুরুজ্জামান জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় দুই কনস্টেবলসহ তিনজনকে সঙ্গে নিয়ে মহাসড়কে বিভিন্ন মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার অভিযান ও এক আসামি ধরতে যায় পুলিশ।
এ সময় আসামি সাগর ও তার ভাই সজল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ সদস্য ও সোর্স মাসুমকে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেন।
তিন পুলিশ সদস্যকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পুলিশ সোর্স মাসুমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আসামি সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।