বাংলাদেশ-ভারত সীমান্ত। ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের জুড়ীয় গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল সীমান্ত দিয়ে পুরুষ, নারী, শিশুসহ ১০ জনকে পুশ-ইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল সীমান্তে বৃহস্পতিবার রাতে তাদেরকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়।
৫২ বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন।
পুশ-ইন পাঠানো ১০ জন হলেন রিহাদুল মোল্লা (৫৫), ফরিদা বেগম (৪০), লাবিবা আক্তার (৮), সুবা আক্তার (৩২), দিলারা বেগম (৩৮), রিতা বেগম (৪০), রিয়া বেগম (২৫), সাব্বির শেখ (১৯), লাইলি খাতুন (২৮) এবং সালমা খাতুন (২৭)।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের সহায়তায় ১০ জনকে আটক করা হয়। তাদের পরিচয় যাচাইয়ের সময় বাংলাদেশি নাগরিকত্বের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পরে রাতেই তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।
৫২ বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, “সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। দেশের সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে”।