× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে ফের উত্তেজনা, টেকনাফ সীমান্তে বিজিবির টহল জোরদার

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

মিয়ানমারে সংঘাতের জের ধরে নতুন করে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে জল-স্থলপথে টহল জোরদার করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিয়ানমারে সংঘাতের জের ধরে নতুন করে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে জল-স্থলপথে টহল জোরদার করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকা এলাকা পুনর্দখলের লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা বাহিনী।

রাখাইনের মংডু ও বুথিডং শহরে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ কেঁপে উঠছে টেকনাফ সীমান্তবর্তী এলাকাগুলো।

এমন পরিস্থিতিতে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা থেকে টেকনাফ সীমান্তে স্থল ও নাফ নদীতে টহল জোরদার করেছে বিজিবি। 

সীমান্তের বাসিন্দারা বলছেন, টেকনাফ সীমান্তের জাদিমুড়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত বিস্ফোরণের শব্দ স্পষ্টভাবে শোনা যাচ্ছে। মুহুর্মুহু বিস্ফোরণে সীমান্তের বাসিন্দাদের প্রতিনিয়ত  আতঙ্ক থাকতে হচ্ছে।

এর আগে বুধবার রাত ৯টা ৩৭ মিনিট থেকে ৯টা ৪২ মিনিটের মধ্যে চার দফা ভারী মর্টার শেল বিস্ফোরণের শব্দেও প্রকম্পিত হয় পুরো সীমান্ত এলাকা। 

প্রতিবারের মতো এবারও ওপারের যুদ্ধের প্রভাব এসে পড়েছে এপারের মানুষের জীবনে। সীমান্তের বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন। একই সঙ্গে কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের মাঝেও নতুন করে আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

মিয়ানমারের মংডু উপজেলার হাইরিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াছ প্রাণ বাঁচাতে ২০১৭ সালে পরিবার নিয়ে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আশ্রয় নেন। তবে তার অনেক স্বজন এখনো মিয়ানমারেই বসবাস করছেন। দেশটিতে চলমান সংঘাতের খোঁজখবর তিনি নিয়মিত মুঠোফোনে স্বজনদের কাছ থেকে নেন।


স্বজনদের বরাত দিয়ে ইলিয়াছ বলেন, “বৃহস্পতিবার সকালেও মংডু এলাকায় গোলার বিকট শব্দ শোনা গেছে। মূলত আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা মংডু ও বুথিডংয়ে তাদের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এসব হামলার প্রভাব আশপাশের কয়েকটি রোহিঙ্গা গ্রামেও পড়েছে। এতে অন্তত দুইজন রোহিঙ্গা হতাহত হওয়ার খবর পেয়েছি। এছাড়া ২০ থেকে ৩০টি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে”।

তিনি আরও বলেন, “মংডু এলাকায় এখনো হাজারো রোহিঙ্গা বসবাস করছেন। তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসার প্রস্তুতি নিচ্ছেন। শুধু আমার স্বজনই নন, উখিয়ার ক্যাম্পে আশ্রয় নেওয়া অনেক রোহিঙ্গার আত্মীয়স্বজনও এখনো সেখানে আছেন। চলমান যুদ্ধের কারণে তাদের নিরাপত্তা নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন। কখন কী ঘটে, তা বলা খুবই কঠিন”।

গত দুই দিনে ওই এলাকায় ৩০টির মতো বিমান হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।

এদিকে র্দীঘদিন বন্ধ থাকার পর গত দুই দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু-বুথেডং এলাকার বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্তের লোকজনের ঘরবাড়ি। আতঙ্কে অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের কথা ভাবছেন।

এ বিষয়ে টেকনাফ শাহপরীরদ্বীপের নাফ নদীসংলগ্ন এলাকার বাসিন্দা মো. শাহীন আলম বলেন, “হঠাৎ ভয়াবহ ঝাঁকুনি অনুভব করি। মনে হচ্ছিল, যেন পুরো পৃথিবী কেঁপে উঠছে। পরপর চারটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছি। প্রথম বিস্ফোরণের সময় নাফ নদীর ওপারে আগুনের শিখাও দেখা গেছে। মুহূর্তের জন্য মনে হয়েছিল, আগুনের ঝলক আমাদের দিকেই এগিয়ে আসছে। বিস্ফোরণটি মিয়ানমারের অভ্যন্তরে হয়েছে। স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির ছোড়া মর্টার শেলের বিস্ফোরণ হতে পারে”।

মিয়ানমারে বিমান হামলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সবশেষ গেল বছর ২৮ ডিসেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও জান্তা সরকারের সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও মুহুর্মুহু গুলির শব্দে কাঁপছিল উখিয়া-টেকনাফ সীমান্ত। র্দীঘদিন বন্ধ থাকার পর আরাকান আর্মি দখলে থাকা রাখাইন রাজ্যে পূর্ন উদ্ধারে আবার হামলা শুরু করেছে মিয়ানমার সরকার।

এদিকে মিয়ানমারের সংঘাতের জের ধরে নতুন করে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে জল-স্থলপথে টহল জোরদার করেছে বিজিবি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে টেকনাফ ২ বিবিজির লেফটেন্যান্ট ফুয়াদ রহমানের নেতৃত্বে পৌরসভার নাইট্যংপাড়া, বরইতলী ও জাদিমোড়া সীমান্ত এলাকায় জল-স্থলপথে নৌ টহল এবং ড্রোনের মাধ্যমে নজরদারি করতে দেখা যায়। এ ছাড়া টেকনাফের শাহপরীরদ্বীপ এবং হ্নীলা পর্যন্ত সীমান্তে টহল জোরদার করা হয়েছে, যাতে নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ বা চোরাচালানের ঘটনা না ঘটে।

এ বিষয়ে বিজিবির রামু সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, “মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা বা সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটলেই এর প্রভাব বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে পড়ে। বিস্ফোরণের শব্দে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে এমন পরিস্থিতিতে অনেক রোহিঙ্গা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন”।

তিনি বলেন, “সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা