কাউনিয়া (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
আপডেট : ৪ ঘণ্টা আগে
পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কাউনিয়া কলেজের শিক্ষার্থী কলি রানী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কাউনিয়া কলেজের শিক্ষার্থী কলি রানী প্রতিবন্ধকতাকে জয় করে পা দিয়ে লিখে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
দেশের অনান্য শিক্ষার্থীদের মতো রংপুরের কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয় তার এইচএসসি পরীক্ষা।
কাউনিয়া উপজেলার গদাই গ্রামের রুপালী রানীর মেয়ে কলি। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী সে। যখন তৃতীয় শ্রেণীতে পড়ে তখনই বাবা মনোরঞ্জন রায় পরলোকগমন করেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট সে। পরিবারের সহযোগিতা আর প্রতিবন্ধকতা ডিঙিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে তার স্বপ্ন পূরণের আশায়। সে ভালো গানও গাইতে পার, ইতোমধ্যে গান গেয়ে একাধিক সম্মাননা স্মারক অর্জন করেছে।
পঞ্চম শ্রেণিতে সে পায়ে লিখে এ গ্রেড পেয়েছিলো। এসএসসিতেও উত্তীর্ণ হয়েছে কৃতিত্বের সঙ্গে।
কলি রানীর ভাই মন্টু রাম রায় জানান, জন্ম থেকেই তার বোনের হাতের আঙ্গুল নেই, হাত বাঁকা ও ছোট তাই হাত দিয়ে কলম ধরতে পারে না। বোনের অদম্য ইচ্ছা শক্তি দৃঢ় মনোবলে ডান পা দিয়ে আস্তে আস্তে লেখা শুরু করে। ধীরে ধীরে লিখতে লিখতে দ্রুত গতিতে লেখার কৌশল আয়ত্ত করেছে।
তিনি বোনের স্বপ্ন পূরণের জন্য বিত্তবান ও দয়াবান মানুষের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
কাউনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম বলেন, “পরীক্ষা কক্ষে অন্যদের সাথে কলি রানী পা দিয়ে খাতায় লিখছে। তবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় কেন্দ্রের নিয়ম মেনে তাকে অতিরিক্ত ৩০ মিনিট দেওয়া হয়েছে। উচ্চ শিক্ষা গ্রহণে তার এই স্বপ্নের পথচলায় সফলতা কামনা করি”।
কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, “কলি রানীকে শারীরিক প্রতিবন্ধকতা আটকে রাখতে পারেনি। আমরা চাই তার অদম্য অগ্রযাত্রা যেন থেমে না যায়। সে যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে। উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।”