বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ৬ ঘণ্টা আগে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি পুকুরের চারপাশে স্থাপিত বৈদ্যুতিক আলোর খুঁটির সঙ্গে বাঁধা জিআই তারে বিদ্যুৎ প্রবাহিত থাকায় মামুন বিশ্বাস (২৮) নামে এক যুবক তারে জড়িয়ে মারা গেছেন।
স্থানীয়দের দাবি, মাছ চুরি প্রতিরোধে করা ওই বিদ্যুৎ ব্যবস্থার কারণেই
এ দুর্ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, একই স্থানে এর আগেও দুটি কুকুর ও কয়েকটি গবাদিপশু
বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল।
উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল
সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মামুন বিশ্বাস রাজাপুর গ্রামের লাকু বিশ্বাসের ছেলে।
তিনি পেশায় ভ্যানচালক এবং এক সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গবাদিপশুর জন্য
ঘাস কাটতে স্থানীয় জাহিদুল সিকদারের পুকুরপাড় দিয়ে মাঠে যাচ্ছিলেন মামুন বিশ্বাস। এ
সময় পুকুরের চারপাশে স্থাপিত বৈদ্যুতিক লাইটের একটি বাঁশের খুঁটির সঙ্গে টানানো জিআই
তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারিকুল ইসলাম
মামুন বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই মামুন বিশ্বাসের মৃত্যু
হয়েছে।
পুকুরটির ইজারাদার ফেলু বলেন, ‘রাতে পুকুরপাড় আলোকিত রাখতে লাইট জ্বালানো
হয়। সাধারণত ভোরে বাতিগুলো নিভিয়ে দেওয়া হয়। হয়তো আজ অসাবধানতাবশত বিদ্যুতের সংযোগ
বিচ্ছিন্ন করা হয়নি। খুঁটিতে টানানো জিআই তারের সঙ্গে বিদ্যুতের সঞ্চালন তার লেগে বিদ্যুৎ
প্রবাহিত হচ্ছিলÑ বিষয়টি আমার জানা ছিল না। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের
মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।