মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
ফ্লাইওভার নির্মাণের দাবিতে মঙ্গলবার বাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় মাটি দিয়ে ভরাট করে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা বাতিল করে পিলারের উপর ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।
উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মঙ্গলবার সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যবসায়ী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী,
বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাসস্ট্যান্ড এলাকায় মাটি
দিয়ে ভরাট করে ফ্লাইওভার নির্মাণ করা হলে শত শত ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে।
এতে যানজট বৃদ্ধি, জলাবদ্ধতা সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
তাই জনস্বার্থে পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবি জানান তারা।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পিডিএলের
প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার বাকিরুল্লাহ নাসির বলেন, এটি সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড
হাইওয়ে) বিভাগের প্রকল্প। তারা যে নকশা দিয়েছে, আমরা সেই নকশা অনুযায়ী কাজ করছি।
এর বাইরে আমাদের কিছু করার সুযোগ নেই। যারা আন্দোলন করছেন, তারা আমাদের কাজে কোনো ধরনের
বাধা সৃষ্টি করেননি। সরকার যেভাবে নকশা দেবে, আমরা সেভাবেই কাজ বাস্তবায়ন করব। এখানে
আমাদের কোনো ভূমিকা নেই।
মাধবপুর বাজার কমিটির সভাপতি এমরান খান বলেন, আমরা উন্নয়নের
বিরোধী নই। তবে এমন উন্নয়ন চাই, যাতে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা
পায়। মাটি দিয়ে ভরাট করলে বাসস্ট্যান্ডের শত শত ব্যবসায়ী ক্ষতির মুখে পড়বেন। তাই
পিলারের উপর ফ্লাইওভার নির্মাণই সময়োপযোগী ও জনবান্ধব সিদ্ধান্ত হবে।
উপজেলা বিএনপির সভাপতি মো. হামিদুর রহমান হামদু বলেন, মাধবপুরবাসীর যৌক্তিক দাবি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। উন্নয়নের নামে মানুষের জীবিকা ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এমন একটি ফ্লাইওভার চাই, যাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও জনজীবনও স্বাভাবিক থাকে।
মানবাধিকার কর্মী ও সমাজসেবক বোরহান উদ্দিন বলেন, উন্নয়ন
অবশ্যই হতে হবে জনবান্ধব। এমন কোনো প্রকল্প গ্রহণ করা উচিত নয়, যাতে মানুষের কর্মসংস্থান
ও জীবিকা হুমকির মুখে পড়ে। পিলারের উপর ফ্লাইওভার নির্মাণ হলে উন্নয়নও হবে, আবার
ব্যবসা-বাণিজ্য ও মানুষের স্বাভাবিক চলাচলও বাধাগ্রস্ত হবে না।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে প্রকল্পের নকশা পুনর্বিবেচনা
করে মাটি দিয়ে ভরাটের পরিবর্তে পিলারের উপর ফ্লাইওভার নির্মাণের দাবি জানান। একই সঙ্গে
দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি
দেন তারা।