বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ ঘণ্টা আগে
অভিযুক্তের বাড়ির উঠানে ডাটা গাছের আড়ালে গাঁজা গাছ রোপণ করা হয়েছিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল এলাকায় একটি বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের পর থেকে অভিযুক্ত আনোয়ার খান (৪৫) পলাতক রয়েছেন।
অভিযুক্ত আনোয়ার ওই এলাকার কবির খানের ছেলে। পেশায় দন্ত মাজন বিক্রেতা।
খবর পেয়ে রবিবার সন্ধ্যায় স্থানীয় চেয়ারম্যান ও বিএনপি নেতা কামাল আহমেদ ঘটনাস্থলে গিয়ে গাছটি উপড়ে ফেলে আগুনে পুড়িয়ে ফেলেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মো. শাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, অভিযুক্তের বাড়ির উঠানে ডাটা গাছের আড়ালে গাঁজা গাছ রোপণ করা হয়েছিল। গাছটি বাইরে থেকে সহজে যেন নজরে না পড়ে সে জন্য কাপড় দিয়ে আংশিকভাবে আড়াল করা হয়েছিল।
অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়।
স্থানীয় গণমাধ্যম কর্মী সৈয়দ তারেক আব্দুল্লাহ জানান, অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই আনোয়ার খান আত্মগোপনে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, “খবর পেয়ে রবিবার সন্ধ্যায়, স্থানীয় ব্যক্তিদের নিয়ে আমি দ্রুত ওই ব্যক্তির বাড়িতে যাই। সেখানে গিয়ে তাকে পাইনি। বাড়িটি তালাবদ্ধ ছিল। পরে আমি নিজেই উপস্থিত থেকে গাঁজা গাছ উপড়ে ফেলে নষ্ট করেছি”।
ওসি শাইদুর রহমান জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। অভিযুক্ত ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।