কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ৭ ঘণ্টা আগে
আপডেট : ৬ ঘণ্টা আগে
নিহত বৃদ্ধা ফাতেমা বেগম। ফাইল ছবি
চাঁদপুরের কচুয়ায় সিঁদ কেটে চুরির উদ্দেশ্যে মিয়াজী বাড়ির একটি ঘরে প্রবেশ করে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামে রবিবার রাতে এ ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধা ফাতেমা বেগম (৭৫) মৃত সাদেক উল্যাহ মিয়াজির স্ত্রী। নিহতের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তন্মধ্যে দুই ছেলে সৌদি প্রবাসী।
স্থানীয় কয়েকজন ও পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের পেছন দিয়ে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে।
এ সময় ঘুমন্ত অবস্থায় ফাতেমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলেও দাবি করেন তারা।
হত্যার পর দুর্বৃত্তরা ঘর থেকে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় বলে পরিবারের দাবি।
পরিবারের সদস্যদের ধারণা, চোর চক্রের সদস্যরা পরিচিত হওয়ায় ফাতেমা বেগম তাদের চিনে ফেলেছিলেন। এ কারণে নিজেদের পরিচয় গোপন রাখতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই,পুলিশ পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।
তবে তদন্ত শেষ হওয়ার আগে হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।