বগুড়া অফিস
প্রকাশ : ২৫ জুন ২০২৬ ২০:০২ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৬ ২০:০৬ পিএম
বগুড়া শহরের বেলতলায় যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল আলিম নামে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন জনতা। প্রবা ফটো
বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল আলিম নামে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে গণপিটুনি
দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে স্থানীয়দের ক্ষোভের মুখে অতিরিক্ত পুলিশের সহযোগিতায়
অভিযুক্তকে থানায় হেফাজতে নেওয়া হয়।
আব্দুল আলিম শহরের মালগ্রাম এলাকার বেলতলা জামে মসজিদের ইমাম ও জামিয়া
ইসলামিয়া আল আকাবা মাদ্রাসার শিক্ষক। স্থানীয়রা জানান, অভিযুক্ত আব্দুল আলিম যে মাদ্রাসায়
শিক্ষকতা করেন সেই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশুটি। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা
ছুটি হলে পরিবারের কেউ শিশুটিকে নিতে যায়নি। পরে মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম শিশুটিকে
বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিজের সঙ্গে নিয়ে যায়। পথে শিশুটিকে একটি গলির মধ্যে
নিয়ে শারীরিকভাবে লাঞ্চনা করে ওই মাদ্রাসা শিক্ষক। পরে, আলিম শিশুটিকে তার বাড়িতে নিয়ে
ধর্ষণের চেষ্টা করে এবং ভয়ভীতি দেখায়। পরে শিশুটি পরিবারের কাছে ঘটনা বর্ণনা দিলে স্থানীয়রা
বিক্ষুব্ধ হয়ে উঠেন। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে আলিমকে আটক করে হেফাজতে নেওয়ার
চেষ্টা করলে স্থানীয়রা গণপিটুনিয়ে দিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন
পুলিশ সদস্যও মারধরের শিকার হোন।
বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, উত্তেজিত জনতার মাঝ থেকে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।