× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদার

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

মাগুরায়  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা এড়াতে তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা এড়াতে তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মাগুরা জেলায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী হওয়ায় মাগুরা জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ভোর থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও র‍্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মাগুরা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ কাজে অতিরিক্ত ৪ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া সাদা পোশাকে দুটি টিম, র‍্যাবের দুই প্লাটুন, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি চেকপোস্ট ও বিশেষ পিকেট, ১০টি মোবাইল টিম এবং চারটি হোন্ডা টিম দায়িত্ব পালন করছে।

পাশাপাশি জেলার প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি)সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় একাধিক কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। মোটরসাইকেলের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি আরোহীদেরও তল্লাশি করা হচ্ছে। কোথাও অতিরিক্ত জমায়েত দেখা গেলে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের তৎপরতাও লক্ষ্য করা গেছে। তবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কোনো সাংগঠনিক কার্যক্রম বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কাজের অংশ হিসেবে র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনের চোখে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা