বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
লামার গজালিয়ার নাজিরাম ত্রিপুরা পাড়ায় ভূমি দখলের চেষ্টা, হামলা ও অগ্নিসংযোগের চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার আদিবাসী ছাত্রজনতার বিক্ষোভ। প্রবা ফটো
বান্দরবানের লামায় নাজিরাম ত্রিপুরা পাড়ায় হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাসিন্দারা। এ সময় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় এবং ভূমি কমিশন কার্যকর না থাকায় বার বার পাহাড়িদের ভূমি বেদখল, হামলা ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন অংশগ্রহণকারীরা।
বান্দরবান মুক্ত মঞ্চের সামনে মঙ্গলবার (২৩ জুন) সকালে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা এসব অভিযোগ করেন।
অতিসম্প্রতি লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের নাজিরাম ত্রিপুরা পাড়ায় ভূমি দখলের চেষ্টা, হামলা ও অগ্নিসংযোগের চেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, নাজিরাম ত্রিপুরা পাড়ার বাসিন্দা শিমন ত্রিপুরা, সইততি ত্রিপুরা ও গোদাই চন্দ্র ত্রিপুরা প্রায় ২০ থেকে ২২ বছর ধরে তাদের বৈধ মালিকানাধীন ও ভোগদখলীয় জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছেন। সম্প্রতি এক সেটেলার বাঙালি মো. বজলুর রহমান এই জমির মালিকানা দাবি করে সেখানে দলবল নিয়ে দখল করার চেষ্টা করেন।
বক্তাদের দাবি, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে একাধিক সালিশ ও বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে ভুক্তভোগীদের মালিকানা সংক্রান্ত কাগজপত্র সঠিক বলে প্রতীয়মান হলেও অভিযুক্ত মো. বজলুর রহমানের পক্ষে দাখিল করা কাগজপত্রে বিভিন্ন অসঙ্গতি ও সীমানাগত অমিল পাওয়া যায়। এরপরও জোরপূর্বক জমিটি দখল করার চেষ্টা করা হয়।
ক্লিটন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেনÑ নেলসন ত্রিপুরা, গোদাই চন্দ্র ত্রিপুরা, নারী নেত্রী এনুচিং মারমা, ছাত্রনেতা এডিসন চাকমা, থোয়াক্যজাই চাক, তনয়া ম্রো প্রমুখ।