বরিশালে সোমবার রাতে মশাল মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা।
জেলার আগৈলঝাড়ায় সোমবার রাতে ওই মশাল মিছিল হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলটি আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্বরের পাশের সড়ক থেকে বের হয়। মিছিলকারীদের ব্যানারে বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা আশিক আব্দুল্লাহর ছবি ছিল।
তারা জানান, মিছিলে ‘শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ নানা স্লোগান দেওয়া হয়।
তবে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান বলেন, “মশাল মিছিলটি আমি সামাজিকমাধ্যমে দেখেছি। ওই মিছিলটি অন্য কোথাও হয়েছে। কিন্তু সামাজিকমাধ্যমে আমার থানা এলাকার নাম উল্লেখ করা হয়েছে।”
তিনি বলেন, “আমরা সচেতন রয়েছি এবং বেশ কয়েকটি টিমে কাজ করছি, যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনও মিছিল না করতে পারে।”