ঢাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রবা ফটো
খুলনার চিহ্নিত অপরাধীদের খোঁজে ঢাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ধৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং দু’রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বলে পুলিশ জানায়।
রবিবার ঢাকার বিভিন্ন এলাকায়
অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২২ জুন ) সকালে খুলনা মহানগর
গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেএমপির উপ-পুলিশ কমিশনার
(ডিবি) মোহাম্মদ আহদুজ্জামান।
পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন শেখপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা
মোহাম্মদ তুষার শিকদার। এ ছাড়া আবরার ফয়সাল বাদিন, আল আমিন, আসিফ এবং সাজ্জাদ হোসেন
সাব্বিরকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিবি সূত্রের দাবি, সম্প্রতি খুলনায় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ
তৈরি হওয়ায় মহানগরজুড়ে বিশেষ নজরদারি শুরু হয়েছে। চলতি মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত
পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবেই গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির
সহায়তায় আত্মগোপনে থাকা অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ঢাকার বিভিন্ন এলাকায়
অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার আহাদুজ্জামান বলেন, ‘প্রাথমিক
জিজ্ঞাসাবাদে ধৃতরা খুলনার বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার
করেছে বলে জানা গেছে।’ তিনি জানান, ধৃতদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ
একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃতদের দেখানো জায়গা
থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং দু’রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।