নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সোমবার পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বর্তমানে যে পরিবেশ দূষণ হচ্ছে, তা মূলত আমাদের স্বার্থপরতার কারণে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সোমবার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের সন্তানেরা আমাদের দেশের প্রাণ। আগামীতে তারাই এই দেশ পরিচালনা করবে। একেক জন একেকটি গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবে। সবাইকে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা নেই, তবে সবাইকে অবশ্যই আগে ভালো মানুষ হতে হবে।
শেখ ফরিদুল ইসলাম বলেন, আমি বিদেশে একটি সেমিনারে গিয়েছিলাম। সেখানে দেখেছি পরিবেশ রক্ষায় সচেতনতাই সবচেয়ে বড় বিষয়। আজকের বিতর্কে জাপান, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের উদাহরণ এসেছে। তারা প্রতিনিয়ত নিয়মানুবর্তিতা প্র্যাক্টিস করেছে বলেই আজ এই পর্যায়ে এসেছে। আমরাও এখন সেই প্র্যাক্টিস শুরু করেছি।
তিনি বলেন, বাচ্চাদের ছোটবেলা থেকে শেখানো হলে যেকোনো ভালো অভ্যাস টেকসই করা অনেক সহজ হয়। তিনি (প্রধানমন্ত্রী) বিদেশে একটি অনুষ্ঠানে গিয়ে জেনেছিলেন, একটি কোম্পানি তাদের বিজ্ঞাপনে শিশুদের টার্গেট করে প্রায় ৯০ শতাংশ সফলতা পেয়েছিল। আমি আমার নির্বাচনি এলাকাতেও বলেছি, কোনো স্কুল যেন অপরিচ্ছন্ন না থাকে। এ বিষয়ে আমাদের কাজ চলছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা তোমাদের বাবা-মাকে দূষণের বিষয়ে সচেতন করবে, তাহলে পরিবেশ রক্ষা করা অনেক সহজ হবে। আমাদের সকলকে প্রাণ ও প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসক রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও নারায়ণগঞ্জ উন্নয়ণ কতৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব প্রমুখ।