সিলেট প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
সাময়িক সময়ের জন্য সাদাপাথর বন্ধ ঘোষণা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া রবিবার এ সব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, শনিবার রাত থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি হচ্ছে। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সীমান্তবর্তী নদীগুলোতে পাহাড়ি ঢল নেমেছে। এতে সাদাপাথর পর্যটন কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।
পাহাড়ি ঢলের পানিতে পর্যটনকেন্দ্রের ভাসমান দোকানপাটও ডুবে গেছে। এতে ব্যবসায়ীদের লকার, চেয়ার, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বা স্রোতে ভেসে গেছে। প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
ইউএনও মো. রবিন মিয়া বলেন, “পাহাড়ি ঢলের পানিতে সাদাপাথর পর্যটনকেন্দ্রের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। একই সঙ্গে সেখানে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাটও পানির নিচে চলে গেছে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
ইউএনও আরও বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হলে এবং ঝুঁকি কেটে গেলে পর্যটনকেন্দ্রটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে”।