নিহত কবির হোসেন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাকচাপায় কবির হোসেন মৃধা (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত কবির হোসেন বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছোট ছেলে।
নিহতের স্ত্রী (আমেরিকায় বসবাসরত) রুমা আক্তারের বরাত দিয়ে রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হেমায়েত হাওলাদার নামে তাদের এক নিকট আত্মীয়।
হেমায়েত বলেন, ১৫ বছর আগে ডিভি লটারিতে বিজয়ী হয়ে কবির হোসেন আমেরিকায় চলে যান। এরপর সেখানে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে সেখানেই বসবাস করেতেন।
কবির হোসেন আমেরিকার ফ্লোরিডায় ব্যবসা করতেন বলেও জানান তিনি।
হেমায়েত আরও বলেন, ২০ জুন সকাল আটটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা) নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়ানো ছিলেন কবির হোসেন।
এসময় বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান কবির হোসেন, দাবি করেন তিনি।
হেমায়েত হাওলাদার জানান, কবির হোসেনের ইচ্ছা ছিল পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে তাকে যেন দাফন করা হয়।
এজন্য যুক্তরাষ্ট্র থেকে তার লাশ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে।
অপরদিকে কবির হোসেন মৃধার মৃত্যুর খবরে নিকট আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।