ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১৯:৩৮ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ২০:১৬ পিএম
উকিল আব্দুস সাত্তার। ছবি: সংগৃহীত
সংসদ ও বিএনপি থেকে পদত্যাগের পর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ উপজেলা) আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উকিল আব্দুস সাত্তার।
রবিবার (১ জানুয়ারি) বিকালে জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মো. রশিদ নামে এক ব্যক্তি।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রবিবার বিকালে উকিল আব্দুস সাত্তারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মো. রশিদ নামে এক ব্যক্তি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র নেওয়া হয়েছে।’
নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান আরও বলেন, ‘সাত্তারসহ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন সাতজন।’
উকিল আব্দুস সাত্তার সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর তিনি সংসদ থেকে পদত্যাগ করেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করেন সংসদের স্পিকার। আসনটিতে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সংসদ ছাড়ার পর বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ ছাড়েন তিনি। একইসঙ্গে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বিদায় নেন তিনি।
১৯৭৯ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুস সাত্তার। পরে ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির মনোনয়নে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটকে আসনটি ছেড়ে দিলে টেকনোক্র্যাট কোটায় তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন প্রবীণ এই রাজনীতিবিদ।