সিলেট অফিস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দান সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে মাজারে থাকা তিনটি দানের ডেগ (বড় দানপাত্র) সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন ও নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।
প্রশাসন সূত্র জানিয়েছে, মাজারের বিভিন্ন স্থানে একটি বড় কেন্দ্রীয় দানবাক্সসহ বেশ কয়েকটি ছোট দানবাক্স বসানো হয়েছে। এখন থেকে ভক্ত ও দর্শনার্থীদের দেওয়া নগদ অর্থ সরাসরি এসব বাক্সে জমা হবে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা বলেন, মাজারের দান সংগ্রহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও স্বচ্ছ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে দর্শনার্থীদের দেওয়া অর্থ প্রশাসনের তত্ত্বাবধানে থাকা দানবাক্সে জমা হবে।
এর আগে গত ১২ জুন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করেন। ওই সময় তিনি মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার ঘোষণা দিয়েছিলেন। জেলা প্রশাসক জানান, সিলেটের এই দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনাই প্রশাসনের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে অন্যান্য মাজারের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে।
হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারে প্রতিদিন দেশ-বিদেশের হাজারো ভক্ত নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করেন। দীর্ঘ দিন ধরে এই বিপুল অর্থের সঠিক ব্যবস্থাপনা ও ব্যয়ের স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন ছিল। জেলা প্রশাসনের এই নতুন পদক্ষেপকে সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছেন।