× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রহ্মপুত্রে মাথা তুলছে আর্চ স্টিল সেতু

শফিক সরকার, ময়মনসিংহ

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

আপডেট : ৬ ঘণ্টা আগে

ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী রেলসেতুর পাশেই নির্মিতব্য দেশের অন্যতম বৃহৎ কেওয়াটখালী আর্চ স্টিল সেতুর নির্মাণকাজ এখন দৃশ্যমান। ইতোমধ্যে কয়েকটি পিলারের নির্মাণকাজ শেষ হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী রেলসেতুর পাশেই নির্মিতব্য দেশের অন্যতম বৃহৎ কেওয়াটখালী আর্চ স্টিল সেতুর নির্মাণকাজ এখন দৃশ্যমান। ইতোমধ্যে কয়েকটি পিলারের নির্মাণকাজ শেষ হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার কেওয়াটখালী আর্চ স্টিল সেতুর নির্মাণকাজ এখন দৃশ্যমান রূপ পেয়েছে।

ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন দেশের অন্যতম বৃহৎ এই সেতুর কাজ পুরোদমে চলছে। যদিও নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা সম্ভব হচ্ছে না, তবে বর্ধিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রকল্প সূত্রে জানা গেছে, ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী রেলসেতুর পাশেই নির্মিত হচ্ছে দেশের অন্যতম বৃহৎ কেওয়াটখালী আর্চ স্টিল সেতু। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন কেওয়াটখালী সেতু প্রকল্পের আওতায় ১ হাজার ৪৭১ দশমিক ৬৬ মিটার দীর্ঘ দুই লেনের সংযোগ সড়ক এবং ৩৩০ মিটার দীর্ঘ আর্চ স্টিল সেতু নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা। প্রকল্পের মূল কাজ ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না। ফলে প্রকল্পের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত নির্মাণকাজের ২১ শতাংশ সম্পন্ন হয়েছে। সেতুর এক পাশের পিলারের কাজ শেষ হয়েছে এবং অপর পাশের পিলারের কাজ চলমান রয়েছে। শ্রমিকরা দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন। ঈদ উপলক্ষে কয়েক দিন কাজ বন্ধ থাকলেও বর্তমানে আবার পূর্ণোদ্যমে নির্মাণকাজ চলছে।

সড়ক ও জনপথ বিভাগ বলছে, জমি অধিগ্রহণ এবং সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটি অপসারণে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সেতুর সঙ্গে ২৫০ মিটার দীর্ঘ রেলওয়ে ওভারপাস এবং ২০২ মিটার র‌্যাম্প নির্মাণ করা হবে। এ ছাড়া ভারী যানবাহনের জন্য চারটি এবং মোটরসাইকেল ও হালকা যানবাহনের জন্য দুটি লেনসহ মোট ছয়টি লেন থাকবে সেতুটিতে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সেতুটি চালু হলে ব্রহ্মপুত্র নদের ওপর বর্তমানে থাকা একমাত্র সেতুর ওপর চাপ কমবে। একই সঙ্গে শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলার মানুষ যানজট ছাড়াই সহজে চলাচল করতে পারবেন।

স্থানীয় বাসিন্দা আসলাম উদ্দিন বলেন, ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল ব্রহ্মপুত্রের ওপর একটি আর্চ স্টিল সেতু। সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে। এতে ব্রহ্মপুত্র নদের ওপর একমাত্র সেতুর চাপ কমবে, সেই সঙ্গে যানজটমুক্ত হবে শহর। সেতুটি চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে।

বলাশপুর এলাকার বাসিন্দা কবীর হোসেন বলেন, সেতুর নির্মিত হলে সহজেই পাশের নেত্রকোণা, শেরপুর, কিশোরগঞ্জসহ অন্যান্য জেলাবাসী ঢাকার সাথে চলাচল করতে পারবে। এটি সরকারের একটি বড় অবকাঠামোগত উদ্যোগ।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা দিনরাত কাজ করছেন। ঈদ উপলক্ষে কয়েক দিন কাজ বন্ধ থাকলেও বর্তমানে আবার পুরোদমে নির্মাণকাজ চলছে। শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই কাজ পরিচালনা করা হচ্ছে।’

কেওয়াটখালী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, জমি অধিগ্রহণ ও অন্যান্য জটিলতার কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়েছে। তবে বর্তমানে আর্চ স্টিল সেতুর নির্মাণকাজ পুরোদমে চলছে। ইতোমধ্যে ২১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়ে কাজ না হওয়ার সম্ভাবনায় আগামী ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে বলে আমরা আশাবাদী।

সেতুটির নির্মাণকাজ যথাসময়ে শেষ হওয়ার অপেক্ষায় ময়মনসিংহবাসী। তাদের প্রত্যাশা, দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা