খুলনা অফিস
প্রকাশ : ২১ ঘণ্টা আগে
আপডেট : ২০ ঘণ্টা আগে
ভুক্তভোগী তরুণী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার সোনাডাঙ্গা এক গৃহকর্মীকে গরম কড়াই ও খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ দম্পতির বিরুদ্ধে। তাকে বারান্দায় কান ধরে ওঠবস করানো ও লাঠি দিয়ে পেটাতে দেখেছেন স্থানীয় কয়েকজন। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে তাকে উদ্ধার করা হয়।
সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরুণী (২২) নরসিংদীর বাসিন্দা। মা–বাবা না থাকায় তিনি ছোটবেলা থেকেই সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রের বাসায় থেকে গৃহকর্মীর কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে ওই বাসার বারান্দায় এক তরুণীকে কান ধরে ওঠবস করানো হচ্ছিল। তার শরীর ছিল শীর্ণকায়। তাকে লাঠি দিয়েও আঘাত করা হচ্ছিল। এই দৃশ্য দেখে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়। খবর পেয়ে ওই এলাকায় অনুষ্ঠিত একটি সেমিনারে অংশ নেওয়া কয়েকজন সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের নারীনেত্রীরা বাসার ভেতরে ঢোকার চেষ্টা করলে প্রথমে তাদের বাধা দেওয়া হয়। পরে তারা ৯৯৯ নম্বরে কল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বাসার ভেতর থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।