চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রাচীন গৌড় নগরীর প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও স্থলবন্দর ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রবা ফটো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার প্রাচীন গৌড় নগরীর প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও স্থলবন্দর ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বুধবার (১৭ জুন) সকালে তিনি রাজশাহী থেকে সরাসরি সোনামসজিদ স্থলবন্দর এলাকায় পৌঁছান।
সফরকালে মার্কিন রাষ্ট্রদূত সুলতানী আমলের ঐতিহাসিক ছোট সোনামসজিদসহ আশপাশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ ঘুরে দেখেন এবং এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নিজেই বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি ধারণ করেন।
ঐতিহাসিক স্থান দেখার পাশাপাশি রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম ও ইমিগ্রেশন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ ছাড়া তিনি সোনামসজিদ সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন।
এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯-বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।