রংপুর অফিস ও কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২১ ঘণ্টা আগে
রংপুরে কথা কাটাকাটির জেরে কর্মচারীকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত দোকান মালিক মনুকে আটক করেছে পুলিশ। প্রবা ফটো
রংপুরে কথাকাটাকাটির জেরে দোকান কর্মচারী যুবক মো. শাওনকে (২৫) পিটিয়ে হত্যা করেছে দোকান মালিক। গত মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত দোকান মালিক মিজানুর রহমান মনুকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে। ডিবি কার্যালয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবির উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, ৪ বছর ধরে নগরীর খামার মোড়ে পুরি-পিঁয়াজুর দোকানে কাজ করে আসছিল শাওন। মঙ্গলবার রাতে শাওন দোকান থেকে রাস্তার দিকে বের হলে পেছন থেকে দোকান মালিক আমির হোসেনের ছেলে মনু হাতুড়ি দিয়ে শাওনকে উপর্যুপরি আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে শাওন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে মনুকে আটক করে এবং শাওনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে যেতে পথেই শাওনের মৃত্যু হয়। মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এদিকে ঘাতক দোকান মালিক মিজানুর রহমান মনুর পরিবারের দাবি, মনু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন, ওঝার মাধ্যমে তার চিকিৎসা চলছে।
ডিবির উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু জানিয়েছে দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে শাওন থুতু ফেলত। বারবার বারণ করার পরও একই কাজ করে যাচ্ছিল শাওন। এ নিয়ে রাতে শাওন ও মনুর মাঝে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে শাওনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে মনু।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের কোথাও কখনও মনে হয়নি মনু মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে কুমিল্লা জেলার তিতাস উপজেলায় টিউবওয়েল ব্যবহারের বিরোধের জেরে ছোট ভাই বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুন) দুপুরে কেশবপুর গ্রামের পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইসমাইল মানিক (৪৫) ওই গ্রামের হাবিবুর রহমান মিয়ার বড় ছেলে।
নিহতের মেয়ে রাইসা আক্তার জানান, বাড়ির টিউবওয়েল ব্যবহারের বিষয় নিয়ে তার বাবার সঙ্গে চাচার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় চাচার হাতে থাকা কোদাল দিয়ে বাবার গলায় আঘাত করেন।
তিতাস থানার ওসি মমিরুল হক জানান, প্রাথমিকভাবে জনা গেছে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।