ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২২ ঘণ্টা আগে
ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। প্রবা ফটো
ফেনীর সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (১৬ জুন) তাকে মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে প্রজ্ঞাপনে ওএসডির সুনির্দিষ্ট কারণ উল্লেখ না থাকায় এবং একই সঙ্গে জেলার দুটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রশাসনিক পদে দায়িত্ব পালনকারী এই কর্মকর্তার আকস্মিক ওএসডিতে স্থানীয় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডা. রুবাইয়াত বিন করিম দীর্ঘদিন ধরে ফেনীর সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে জেলা সিভিল সার্জনের ওএসডির নেপথ্যের কারণ সম্পর্কে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ওএসডি বিষয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, সরকারি চাকরিজীবী হিসেবে বদলি হওয়াটা স্বাভাবিক বিষয়। তবে কোনো কারণ ছাড়া কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়ে আমি অবগত নই।
ফেনী জেলা প্রশাসক মনিরা হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সিভিল সার্জনকে ওএসডি করার তথ্য পেয়েছি। কিন্তু কী কারণে বা কেন করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাইনি। স্থানীয় সচেতন নাগরিকদের মতে, জেলার স্বাস্থ্য খাতের দুটি গুরুত্বপূর্ণ পদে একযোগে পরিবর্তন আনায় স্বাস্থ্যসেবা কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে। তারা দ্রুত পদগুলোতে যোগ্য কর্মকর্তা পদায়নের দাবি জানান।