দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ ঘণ্টা আগে
দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌ-টার্মিনালের সামনে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রবা ফটো
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
দেওয়ানগঞ্জবাসী ব্যানার নিয়ে উপজেলার বাহাদুরাবাদ নৌ-টার্মিনালের সামনে বুধবার (১৭ জুন) সকালে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি শ্রেণি-পেশার শত শত মানুষ দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশ নেন। এ সময় তারা সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। তারা দ্বিতীয় যমুনা সেতু এ রুটে নির্মাণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেনÑ উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম লাবলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, চুকাইবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, যুবদল নেতা আবু হানিফ প্রমুখ।